চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের উত্তাপ কমিয়ে ফের আলোচনার পথে এগোচ্ছে দুই দেশ। এরই মধ্যে প্রায় এক দশক পর আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ২৪ সেপ্টেম্বর বৈঠক করবেন জিনপিং। দুই নেতার আলোচনায় বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তাইওয়ান, গুরুত্বপূর্ণ খনিজ ও আন্তর্জাতিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।
জিনপিংয়ের সফরকে ঘিরে এবার বিশেষ আয়োজন করেছে হোয়াইট হাউস। সফরের শুরুতেই তাঁকে ব্যক্তিগতভাবে বিমানবন্দরে স্বাগত জানাবেন ট্রাম্প। পরদিন হবে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় অভ্যর্থনা ও বৈঠক। একই দিন হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়েছে।
সফরের আগে দুই দেশের শীর্ষ কর্মকর্তারাও বাণিজ্য ও প্রযুক্তি ইস্যুতে আলোচনা চালিয়ে যাচ্ছেন। বাণিজ্যযুদ্ধের মধ্যে আরোপিত বিভিন্ন শুল্ক ও বিধিনিষেধের পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক স্থিতিশীল করার উদ্যোগ নিয়েও আলোচনা হচ্ছে।
জিনপিংয়ের এই সফর ২০১৫ সালের পর ওয়াশিংটনে তাঁর প্রথম সফর। একই বছরে ট্রাম্প ও জিনপিংয়ের এটি দ্বিতীয় বৈঠক। ফলে দুই দেশের টানাপোড়েনের মধ্যে এ বৈঠককে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
Keep Reading
Add A Comment

