রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।
অনুমোদিত প্রকল্পগুলো হলো—মেট্রোরেল লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর), মেট্রোরেল লাইন-৫ নর্দান রুট (হেমায়েতপুর-ভাটারা) এবং মেট্রোরেল লাইন-৫ সাউদার্ন রুট (গাবতলী-দাশেরকান্দি)। তিন প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা।
এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়নে এমআরটি লাইন-১-এর সংশোধিত ব্যয় ও মেয়াদ ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা এবং লাইন-৫ নর্দানের ব্যয় ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা অনুমোদন করা হয়েছে। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা ব্যয়ে এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পটি অনুমোদন পেয়েছে।
৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ লাইন-১, ২০ কিলোমিটার দীর্ঘ লাইন-৫ নর্দান এবং ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ লাইন-৫ সাউদার্নের মধ্যে সাউদার্ন রুটে ১৩ দশমিক ১০ কিলোমিটার পাতালপথ থাকবে।

