কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ন্ত্রণ করা না গেলে আগামী এক দশকের মধ্যেই মানবজাতির অস্তিত্ব ভয়াবহ হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন অ্যানথ্রোপিক থেকে সদ্য পদত্যাগ করা গবেষক জ্যাকব কক্সন। তাঁর আশঙ্কা, যথাযথ নিয়ন্ত্রণের অভাবে এআই পৃথিবীকে মানবশূন্য করে দিতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে জ্যাকব লিখেছেন, ‘এক দশকেই এই পৃথিবীকে মানবশূন্য করে দেবে এআই।’ এআই নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো মানুষের জীবন নিয়ে ‘জুয়া খেলছে’ বলেও মন্তব্য করেন তিনি।
জ্যাকবের বক্তব্যকে সমর্থন করেছেন অ্যানথ্রোপিকের অ্যালাইনমেন্ট সায়েন্সেস লিড ইভান হুবিংগার। তাঁর মতে, আগামী দশকে এআইয়ের কারণে মানুষ বিলুপ্ত হওয়ার সম্ভাবনা ১০ শতাংশেরও বেশি।
এর আগে ওপেনএআইয়ে কাজ করা জ্যাকব অভিযোগ করেন, সুপার ইন্টেলিজেন্স তৈরির প্রতিযোগিতায় এআই প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য ভয়াবহ ঝুঁকি সম্পর্কে অবগত হলেও যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে না।
এদিকে অ্যানথ্রোপিকের ‘ক্লড’ মডেলের সক্ষমতা পরীক্ষায় তৃতীয় পক্ষের মাধ্যমে ইন্টারনেটে প্রবেশ করে ওয়েবসাইটে হ্যাকিংয়ের চেষ্টা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভবিষ্যতে এআই নিজে কোড লেখা, পরিবর্তন ও সক্ষমতা বাড়ানোর মতো কাজ করতে পারলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সাইবার হামলার পাশাপাশি জৈবপ্রযুক্তি ও অন্যান্য সংবেদনশীল ক্ষেত্রেও এর অপব্যবহারের আশঙ্কা রয়েছে।
এআইয়ের ঝুঁকি মোকাবিলায় দ্রুত আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য টেড লিউ। তিনি এআই নিয়ন্ত্রণে ‘এআই কিল-সুইচ অ্যাক্ট’ প্রণয়নের প্রস্তাব দিয়েছেন।

