ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে চলন্ত পর্যটক বাসে ভয়াবহ আগুনে পুড়ে ৯ যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার গভীর রাতে দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন।
পুলিশ জানায়, বাসটি গ্রেটার নয়ডা থেকে মহোবার দিকে যাচ্ছিল। পথে হঠাৎ আগুন ধরে গেলে অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে কয়েকজন যাত্রী জানালা দিয়ে লাফিয়ে বের হওয়ার চেষ্টা করেন।
স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বাসের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে শর্টসার্কিটসহ আগুন লাগার অন্য সম্ভাব্য কারণও খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

